• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ মাইগভ ওয়েবসাইট, অনিশ্চয়তায় ৪৪০ সরকারি সেবা

প্রকাশিত: ২২:৩৫, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ মাইগভ ওয়েবসাইট, অনিশ্চয়তায় ৪৪০ সরকারি সেবা

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিরাপত্তা ত্রুটি সমাধানে হালনাগাদের কাজ চলায় বন্ধ রাখা হয়েছে সরকারি অনলাইন সেবা প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd)। এতে প্ল্যাটফর্মটির আওতায় থাকা ৪৪০টি সরকারি সেবা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) রাত থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। সাইটে ঢোকার চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যাচ্ছে।

সরকারি ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ কারণে মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণ চালুর পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, মাইগভের অধীনে একাধিক ডোমেইন রয়েছে। সবগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি আবার চালু করা সম্ভব হবে।

মাইগভের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমে আসে।

এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মোট ৪৪০টি সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। ওয়েবসাইট বন্ধ থাকায় এসব সেবা গ্রহণ করতে চাওয়া নাগরিকেরা সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে পারেন।

সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পিএইচপি ব্যবহার করে বহু ওয়েবসাইট ও অনলাইন সেবা পরিচালিত হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা সংশ্লিষ্ট সার্ভারে অননুমোদিতভাবে প্রবেশ কিংবা ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারেন।

নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে বেশ কিছু ওয়েবসাইট বন্ধ রাখার ঘটনা ঘটেছে। বাংলাদেশেও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংক, কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।

এটুআই সূত্র জানায়, শুরুতে মাইগভের ওয়েবসাইট সচল রেখেই হালনাগাদের কাজ চলছিল। পরে কারিগরি কারণে ওয়েবসাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত