• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা

প্রকাশিত: ২০:৫৭, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এবার নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এআই চ্যাটবট জেমিনি যুক্ত করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এর মাধ্যমে ব্যক্তিগত আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ, খরচের হিসাব রাখা এবং বাজেট তৈরিতে সহায়তা করবে জেমিনি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট জেমিনির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এতে ব্যক্তিগত আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য দেবে এআই চ্যাটবটটি।

অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক লেনদেন ও খরচসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করতে পারবেন জেমিনিকে। এমনকি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা অতিরিক্ত খরচ শনাক্ত করে অর্থ সাশ্রয়ের উপায়ও দেখাতে পারবে এটি।

গুগলের দেওয়া উদাহরণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বেড়ে গেলে জেমিনি তা শনাক্ত করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীর আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরিতেও সহায়তা করবে। এ ক্ষেত্রে নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো), সম্পদ বণ্টনসহ বিভিন্ন আর্থিক বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা যাবে গতিশীল চার্ট।

এ ছাড়া ছুটির দিনের ভ্রমণ বা অন্যান্য পরিকল্পনার জন্য আলাদা বাজেট তৈরির কাজেও ব্যবহার করা যাবে জেমিনি। ফলে সাধারণ ব্যাংকিং অ্যাপের পাশাপাশি ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার সহায়ক হিসেবেও কাজ করবে এটি।

তবে নতুন এ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জেমিনি শুধু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে ও বিশ্লেষণ করতে পারবে। ব্যবহারকারীর হয়ে কোনো অর্থ স্থানান্তর, লেনদেন পরিচালনা কিংবা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবে না।

এ ছাড়া ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ ব্যবহারকারীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট জেমিনির সঙ্গে যুক্ত করবেন কি না। চাইলে সেটিংস থেকে যেকোনো সময় সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে।

গুগল জানিয়েছে, ওয়েব ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে। ব্যবহারকারীদের আরও বিস্তারিত আর্থিক তথ্য ও বিশ্লেষণ দিতে ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গেও অংশীদারত্ব করেছে তারা। তবে এ অংশীদারত্বের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

বিভি/টিটি

মন্তব্য করুন: