চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা, নাসার সঙ্গে থেকে মাস্কের স্টারশিপেও সাফল্য!
ছবি: বিবিসি
২০২৮ সালের মধ্যে চাঁদে আবারও মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় ভূমিকা রাখতে হবে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটকে। চাঁদে নভোচারীদের অবতরণ করানোর জন্য স্টারশিপকে বিশেষ ল্যান্ডারে রূপান্তরের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। ফলে রকেটটির সাম্প্রতিক পরীক্ষামূলক উড্ডয়ন ও পুনরুদ্ধারের প্রচেষ্টা নাসার চন্দ্রাভিযানের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়নে রকেটটির ওপরের ও নিচের দুই অংশই পুনরুদ্ধারের পরিকল্পনা করেছিল স্পেসএক্স। শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় অবস্থিত স্টারবেস থেকে ১২৪ মিটার উচ্চতার রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তবে উৎক্ষেপণের সাড়ে ছয় মিনিট পর সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ টাওয়ারের বিশেষ যান্ত্রিক বাহু ‘চপস্টিকস’ দিয়ে ধরার চেষ্টা বাতিল হয়ে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হওয়ায় বুস্টারটি সমুদ্রে চলে যায় এবং পানির ওপর বিস্ফোরিত হয়।
অন্যদিকে রকেটের ওপরের অংশ ‘শিপ’ মহাকাশে যাত্রা অব্যাহত রাখে এবং স্টারলিংক নেটওয়ার্কের ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ শেষে উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিট পর এর ফিরে আসার কথা। শিপকে যান্ত্রিক বাহু দিয়ে ধরা হবে কি না, সে সিদ্ধান্ত মহাকাশে অবস্থানকালে যানটির অবস্থা পর্যালোচনা করে নেওয়ার কথা জানিয়েছিল স্পেসএক্স।
এর আগে তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে সুপার হেভি বুস্টার সফলভাবে ধরতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে ওপরের অংশটি এখনো এভাবে ধরা সম্ভব হয়নি। ২০১৫ সালে ফ্যালকন-৯ রকেটের বুস্টার উল্লম্বভাবে অবতরণ করানোর পর থেকে পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরিতে কাজ করছে স্পেসএক্স। বর্তমানে বছরে ১০০ বারের বেশি ফ্যালকন-৯ উৎক্ষেপণ করা হয়। রকেটের অংশ পুনর্ব্যবহারের ফলে উৎক্ষেপণ ব্যয়ও কমেছে। রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ডের মতে, পুরো স্টারশিপ পুনর্ব্যবহারযোগ্য হলে মহাকাশে যাতায়াতের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।
নাসার সঙ্গে চুক্তি অনুযায়ী, স্টারশিপের শিপকে চন্দ্রযানে রূপান্তর করবে স্পেসএক্স। এ কাজে যুক্ত রয়েছে জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনও। নিউ গ্লেন রকেট ও ল্যান্ডারের মাধ্যমে চাঁদে নভোচারী অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে তাদের।
২০২৭ সালের গ্রীষ্মে পরিকল্পিত আর্টেমিস-৩ অভিযানেও দুই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অভিযানে নাসার ওরিয়ন মহাকাশযানের চার নভোচারী স্পেসএক্স ও ব্লু অরিজিনের ল্যান্ডারের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন।
তবে স্টারশিপের উন্নয়ন স্পেসএক্সের প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোচ্ছে। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে রকেট বিস্ফোরণে ফ্লোরিডায় উৎক্ষেপণকেন্দ্রের লঞ্চপ্যাড হারিয়েছে ব্লু অরিজিন। চলতি বছরের শেষ নাগাদ উড্ডয়নে ফেরার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের শুরুতে নেওয়া হয়েছে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের ভাষ্য, চাঁদে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। চীন ২০৩০ সালের মধ্যে তাদের নভোচারীদের চাঁদে অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চন্দ্রাভিযান সম্পন্ন করতে নাসার ওপরও চাপ বাড়ছে।
সূত্র: বিবিসি
বিভি/বিবিসি/পিএইচ













মন্তব্য করুন: