• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

এবার ইসরাইলের বন্দরে ভিড়লো মার্কিন যুদ্ধজাহাজ (ভিডিও)

প্রকাশিত: ১৪:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ

ওমান সাগরে মার্কিন রণতরীর কৌশলগত অবস্থান পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই এই অঞ্চলে নতুন যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ।

ইসরাইলের বন্দর শহর এইলাতে ভিড়েছে অত্যাধুনিক মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক। মার্কিন ৫ম নৌবহরের অংশ এই জাহাজটি সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিতে কোনো ছাড় দেবে না, এই মোতায়েন তারই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন রণতরী ইউ এস এস আব্রাহাম লিংকনের রহস্যময় অবস্থান পরিবর্তনের পর গত ৩০ জানুয়ারি ডেলবার্ট ডি. ব্ল্যাক ইসরাইলের বন্দরে নোঙর করে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একে "রুটিন ভিজিট" এবং পূর্ব-পরিকল্পিত বললেও, বিশ্লেষকদের মতে এটি ইরানের ওপর চাপ তৈরির একটি বড় কৌশল।

এই যুদ্ধজাহাজটি সাধারণ কোনো জাহাজ নয়; এটি পেন্টাগনের অন্যতম বড় সামরিক শক্তি। এটি একই সাথে আকাশপথের ড্রোন, মিসাইল এবং শত্রুপক্ষের জাহাজ ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। এছাড়া এই জাহাজ থেকে দূরপাল্লার নির্ভুল টোমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। 

বিশেষ করে ইলাত বন্দরটি হুতিদের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ায় এই জাহাজের অবস্থান সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইলাত বন্দরটি মিশর ও জর্ডানের সীমানার খুব কাছে। এখান থেকে পুরো অঞ্চলের ওপর নজরদারি চালানো সহজ।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগিরি ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা করছে। তবে এর লক্ষ্য হলো ইরানের সরকার, বিশেষ করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা (আইআরজিসি)-এর নেতৃত্ব এবং সক্ষমতা ধ্বংস করে দেওয়া। 

একই আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। ৩১ জানুয়ারি সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে ভুচিচ বলেন, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে। তার মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইরানে হামলার সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে তেহরানে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহরজুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: