উটের জন্য পাসপোর্ট চালু হচ্ছে সৌদি আরবে
দেশে থাকা উটের জন্য পাসপোর্ট ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দিয়েছে। তবে, মানব পাসপোর্টের মতো বিদেশে যাতায়াতের উদ্দেশে এটি চালু করা হয়নি।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, প্রাণীসম্পদ খাতের দক্ষতা উন্নত করতে এবং উটের একটি ডাটাবেজ স্থাপনের জন্য উপমন্ত্রী উটের পাসপোর্ট চালুর এ ঘোষণা দিয়েছেন।
মন্ত্রণালয়ের মতে, উটের পরিচয়পত্র হবে একটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নথি যাতে প্রাণীটির জাত এবং মালিক সম্পর্কে তথ্য থাকবে। নথির একটি মূল বৈশিষ্ট্য হলো একটি বিস্তারিত টিকাদান রেকর্ড, যা প্রতিটি উটের জন্য একটি সঠিক ও নির্ভরযোগ্য মেডিকেল ফাইলের রেকর্ড রাখবে।
এ ছাড়া এই ব্যবস্থার মাধ্যমে সংক্রামক রোগ পর্যবেক্ষণের প্রচেষ্টা আরও সহজতর হবে বলেও জানানো হয়। মন্ত্রণালয় আরও জানায়, পাসপোর্টগুলো মালিকানা অধিকার যাচাইয়ের প্রক্রিয়াটিকেও সহজ করবে এবং পশুপালনকারীদের জন্য প্রজনন পদ্ধতি উন্নত করার ক্ষেত্রে কাজ করবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: