ভারতের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ভারতের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষরিত আদেশে বলা হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে এই নির্দেশনাটি কার্যকর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতিও দিয়েছে দিল্লি। এছাড়া সম্প্রতি ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে সম্মত হয়েছে ভারত, এই বিষয়টিও নির্বাহী আদেশে উল্লেখ আছে। এসব বিবেচনায় ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।
মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তখনই ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিশ্চিত করেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: