চীনে সোনার খনিতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৭
চীনের পূর্ব শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের কানঝুয়াং সোনার খনিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন খনি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে খনির একটি উলম্ব সুড়ঙ্গে শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত খাঁচা ছিঁড়ে প্রায় ২৪০ মিটার নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ডাবল সেফটি সিস্টেম বা দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুটি তার একসঙ্গে ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে আছড়ে পড়ে।
এই ঘটনাটি নিয়ে বর্তমানে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ খনি কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি সময়মতো সরকারি দপ্তরে জানায়নি বলে অভিযোগ উঠেছে। শনিবারের এই ঘটনাটি সোমবার রাতে কেবল একটি গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে আসে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট খনি কোম্পানি 'ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রি'-এর শেয়ার বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। জানা গেছে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে গত বছরও এই খনিটিকে দুইবার জরিমানা করেছিল স্থানীয় প্রশাসন।
বিভি/এমএফআর



মন্তব্য করুন: