• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

২০ বছরের মার্কিন নিরাপত্তা চান জেলেনস্কি (ভিডিও)

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ কিয়েভ ও মস্কোর যুদ্ধ বন্ধে শাক্তি চুক্তিতে সই করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রকে ২০ বছরের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে কোনোরকম হামলা চালাতে পারবে না রাশিয়া। 

১৪ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যেকোনো ত্রিপক্ষীয় চুক্তিতে এই গ্যারান্টির দেওয়ার আহ্বান জানান। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন যেন অন্তত দুই দশক রুশ আক্রমণের শিকার না হয়, তা নিশ্চিত করতে তার একটি ‘আইনগতভাবে নিশ্ছিদ্র’ নিরাপত্তা চুক্তি প্রয়োজন। 

জেলেনস্কি অভিযোগ করেন, ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র প্রায়ই ইউক্রেনের স্বার্থ বিবেচনা করেনি এবং রাশিয়ার পক্ষ হয়ে আলোচনা চালিয়ে গেছে। এছাড়া ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য স্পষ্ট সময়সীমা দেওয়ার দাবিও তোলেন তিনি। সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, জেলেনস্কি মূলত এমন একটি আইনি ও সামরিক কাঠামোর প্রতিশ্রুতি চাইছেন যা ন্যাটো -র 'আর্টিকেল ৫'-এর মতো কাজ করবে। এর মানে হলো, আগামী ২০ বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার আইনি নিশ্চয়তা দেবে। যদি শান্তি চুক্তি স্বাক্ষরের পর রাশিয়া পুনরায় আক্রমণ করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক বা কৌশলগতভাবে ইউক্রেনের পাশে দাঁড়াবে। 

১৯৯৪ সালে ইউক্রেন তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিনিময়ে যে নিরাপত্তা গ্যারান্টি পেয়েছিল, রাশিয়া সেটি লঙ্ঘন করেছে। ফলে জেলেনস্কি এ বিষয়ে কোনো মৌখিক আশ্বাসে ভরসা করতে পারছেন না। তিনি চাইছেন মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত একটি শক্তিশালী চুক্তি। যাতে ভবিষ্যতে হোয়াইট হাউজে ক্ষমতার পরিবর্তন হলেও এই গ্যারান্টি বজায় থাকে। পাশপাশি দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি থাকলে বিদেশি বিনিয়োগকারীরা ইউক্রেন পুনর্গঠনে অর্থ লগ্নি করতে ভরসা পাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই দাবির প্রতি ইতিবাচক হলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ ধরনের দীর্ঘমেয়াদী সামরিক গ্যারান্টি দিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, যা রাজনৈতিকভাবে বেশ জটিল হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রও চায় না রাশিয়ার সাথে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে। জেলেনস্কির শর্ত অনুযায়ী নিরাপত্তা গ্যারান্টি দিলে যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার সাথে সরাসরি সামরিক দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ারই প্রতিশ্রুতি দেবে।

বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কি এখন ‘ইসরাইল মডেল’ অনুসরণ করছেন। অর্থাৎ, ন্যাটো সদস্য না হয়েও যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি শক্তিশালী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি করা, যা দেশটিকে সামরিকভাবে অজেয় করে তুলবে। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: