• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

যে কারণে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান

প্রকাশিত: ১২:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যে কারণে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় ওমানি দূতের বাসভবনে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসার ঠিক সেই মুহূর্তে তেহরান এই ঘোষণা দেয়।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। সামরিক মহড়া এবং নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রাখা হয়েছে। এই মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, ১৯৮০-এর দশকের পর এটাই প্রথমবার যে ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে।

সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিবৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হলো সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে।

তবে সামরিক এই কণ্ঠস্বরের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর কণ্ঠে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য নতুন জানালা উন্মোচিত হয়েছে। তিনি এই আলোচনায় আশাবাদী হলেও স্পষ্ট জানান, যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত।

এদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচনার অগ্রগতি নিয়ে সরাসরি মন্তব্য করেননি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন, আলোচনার কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু ‘রেড লাইন’ বা সীমারেখা নির্ধারণ করেছেন যা ইরান এখনও মেনে নিতে রাজি নয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: