করাচিতে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত অন্তত ১০
পাকিস্তানের করাচিতে একটি তিন তলা ভবনে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। এ ঘটনায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে নাজিয়া নামে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। এ ছাড়া এক মহিলার মৃতদেহও উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশুকেও। আহতদের মধ্যে আরও শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের সবাইকে হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও দুজন আটকা পড়েছেন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের চারপাশে সরু রাস্তাঘাটের কারণে কঠিন হয়ে পড়ছে উদ্ধার অভিযান। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: জিও নিউজ
বিভি/টিটি



মন্তব্য করুন: