• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

গ্রেফতার করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে

প্রকাশিত: ১৭:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গ্রেফতার করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে

ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেফতার করা হয়। সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অফিসে দায়িত্ব পালনকালীন অসদাচরণ করেছেন সন্দেহে ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। দেশটির পুলিশের কর্মকর্তারা বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে, থেমস ভ্যালি পুলিশ বলেছে, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ করা হয়েছে।

তবে ৬৬ বছর বয়সী অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। থেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেফতার করেছি। পাশাপাশি বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে ওই ব্যক্তি পুলিশ হেফাজতেই রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না। মামলাটি এখন সক্রিয় অবস্থায় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, বলে বিবৃতিতে জানিয়েছে থেমস ভ্যালি পুলিশ।

থেমস ভ্যালি পুলিশের সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট বলেছেন, সতর্কতার সঙ্গে পূর্ণাঙ্গ পর্যালোচনার পর আমরা সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছি।

সূত্র: বিবিসি

বিভি/এসজি

মন্তব্য করুন: