এপস্টেইন কাণ্ডে সমালোচনার ঝড়, এআই সামিটে যোগ দিলেন না বিল গেটস
‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ মূল বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন না মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এপস্টেইন কাণ্ডে সমালোচনার কারণে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সামিটে বক্তব্য দিচ্ছে না বলে জানিয়েছে গেটস ফাউন্ডেশন। তারা জানিয়েছে, বিল গেটস এর স্থানে সম্মেলনে বক্তব্য দেবেন সংস্থাটির আফ্রিকা ও ভারত শাখার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা। জাপান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গেটস ফাউন্ডেশন জানায়, অনেক চিন্তাভাবনার পর এবং এআই সামিটের মূল বিষয়গুলোতে সবার মনোযোগ ধরে রাখতে বিল গেটস ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সকালে সম্মেলনের প্রধান অংশগ্রহণকারীদের তালিকা থেকে বিল গেটসের নাম বাদ পড়েছিল। তবে মঙ্গলবার রাতেই অংশগ্রহণকারীদের তালিকায় আবার বিল গেটসের নাম দেখা যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার চায় সম্মেলনের মূল আলোচ্য বিষয়—কৃত্রিম বুদ্ধিমত্তা—কেন্দ্রেই যেন মনোযোগ থাকে এবং অন্য কোনো বিতর্ক যেন আলোচনাকে প্রভাবিত না করে।
গত সোমবার শুরু হওয়া এই সম্মেলনটি এআই–বিষয়ক চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক আয়োজন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ সালে ফ্রান্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ নামে ভারতে এই আয়োজন হচ্ছে। সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, ১০০ জনের বেশি সিইও ও প্রতিষ্ঠাতা এবং বিশ্বের ৫০০ জনের বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিল গেটসের নাম উল্লেখ করা হয়। জেফরি এপস্টেইন ছিলেন একজন দণ্ডিত যৌন অপরাধী; তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে আত্মহত্যা করেন। প্রকাশিত নথির একটি ই–মেইল খসড়ায় এপস্টেইন দাবি করেছিলেন, গেটসের একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: