বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নীতি নিয়ে অনিশ্চয়তাও বাজারে প্রভাব ফেলছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪ দশমিক ৪৭ ডলারে দাঁড়ায়। এপ্রিলে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ হাজার ২৫ দশমিক ১০ ডলারে লেনদেন হয়। এর আগের দিন স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিলো।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। কেপিটাল ডট কমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোডা জানান, সংঘাতের শঙ্কা বাড়লেই স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়ে, যা দামে ইতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে জেনেভায় ইরানকে ঘিরে আলোচনায় কিছু অগ্রগতি হলেও বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। একই সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানের ওপর নতুন কোনো মার্কিন হামলা হলে তার গুরুতর পরিণতি হতে পারে।
অন্যদিকে জানুয়ারির ফেড সভার কার্যবিবরণীতে দেখা গেছে, নীতিনির্ধারকেরা আপাতত সুদের হার অপরিবর্তিত রাখতে একমত হলেও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিভক্ত। মুদ্রাস্ফীতি বেশি থাকলে কেউ সুদের হার বাড়ানোর পক্ষে, আবার মুদ্রাস্ফীতি কমলে হার কমানোর পক্ষেও মত রয়েছে। সাধারণত সুদের হার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।
বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের প্রথম সুদের হার কমানো জুন মাসে হতে পারে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বেকার ভাতা দাবির তথ্য ও শুক্রবার প্রকাশিতব্য পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দিকে।
এদিকে লুনার নিউ ইয়ার উপলক্ষে চীন, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার বন্ধ ছিল।
অন্যান্য মূল্যবান ধাতুতেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৮৪ দশমিক ৭১ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭২২ দশমিক ৯৪ ডলারে লেনদেন হয়েছে।
সূত্র: রয়টার্স
বিভি/এসজি



মন্তব্য করুন: