প্রতিবেশি দেশগুলোতে হামলা করা নিয়ে যা বললেন ইরানি প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশে ইরানে হামলা চালিয়েছে, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। শুক্রবার (৬ মার্চ) অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না। সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।
তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সূত্র: আল-জাজিরা।
বিভি/এসজি



মন্তব্য করুন: