ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র তিনদিনের মধ্যে ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একই সঙ্গে ইরানের বিমানবাহিনী ও টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার কথা উল্লেখ করেছেন। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৬ মার্চ) ইরানের পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আমেরিকা ইরানে খুব ভালো কাজ করছে। এটি অসাধারণ ফল দিয়েছে।” তিনি চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, নিহতরা সকলেই “আমাদের দেশের মহান বীর”, যারা “ইরান থেকে প্রত্যাশার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরে এসেছেন।” তিনি আরও আশ্বাস দেন যে, মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, টানা অষ্টম দিনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টাপাল্টি সংঘাত চলেছে। এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের অন্তত তিন হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ইরানে প্রাণহানির সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইরান ও লেবাননের বেসামরিক এলাকা। ইসরাইলের বড় ধরনের মিসাইল আঘাত হেনেছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে।
ইরানও পাল্টা হামলা চালিয়েছে। একাধিকবার ইসরাইল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরান থেকে সৌদি আরব, কাতার, জর্ডান ও বাহরাইনে আঘাত হেনেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হবে না। তবে, এই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কোনো জাহাজ চলতে পারবে না। এরপর হরমুজ প্রণালীতেও তেলের ট্যাঙ্কারে আক্রমণের ঘটনা ঘটছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: