দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত এমিরেটসের
ছবি: দুবাই এয়ারপোর্ট
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক এয়ারলাইন এমিরেটস। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইয়ে আসা–যাওয়া করা সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৭ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এয়ারলাইনটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে আপাতত বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।’ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ফ্লাইট সূচি জানানো হবে বলেও জানায় কর্তৃপক্ষ।
সম্প্রতি ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার আশঙ্কা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।
উল্লেখ্য, বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক ট্রানজিট হাবগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সোমবার সীমিত পরিসরে ফ্লাইট চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়েছিল। তবে নতুন করে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় আবারও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ফ্লাইট সূচি, ট্রানজিট যাত্রী এবং বৈশ্বিক বিমান পরিবহন ব্যবস্থায় এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিভি/এমআর



মন্তব্য করুন: