হামলায় আহত মোজতবা খামেনি রয়েছেন রাশিয়ায়, দাবি আল-জারিদার
মোজতাবা খামেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে দাবি করেছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতাবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতাবা।
এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল-জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, ‘আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।’
এর আগে অপারেশন এপিক ফিউরি নামে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় নিহত হন মোজতাবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতাবা খামেনির স্ত্রীও নিহত হন। তবে মোজতবা খামেনি আহত হলেও প্রাণে বেঁচে যান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতাবা খামেনি গুরুতর আহত হন। তবে একাধিক ইরানি সূত্র জানায়, মোজতাবা পায়ে আঘাত পান এবং সেই আঘাত গুরুতর নয়। সূত্র: আল-জারিদা
বিভি/এজেড



মন্তব্য করুন: