‘হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনও সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না’
হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তবে যুদ্ধ শেষ হলে সেখানে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে প্যারিস।
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার (১৭ মার্চ) ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ওই মন্তব্য করেছেন ম্যাখোঁ। তিনি বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনও অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে ফ্রান্স এমন একটি জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে; যা যুদ্ধ শেষ হওয়ার পর নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে।
ম্যাখোঁ বলেন, আমরা এই যুদ্ধের কোনও পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।
এর আগে, সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালি সচল করতে মিত্রদের রাজি করানোর বিষয়ে ম্যাখোঁর অবস্থানকে তিনি ‘১০-এর মধ্যে ৮’ নম্বর দেন।
এ সময় ম্যাখোঁ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় যোগ দেবেন বলে নিজের প্রত্যাশার কথা জানান ট্রাম্প। তবে মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকে ম্যাখোঁ হরমুজ প্রণালিতে অভিযানে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
ফরাসি কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়াই হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে একটি জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স।
ম্যাক্রোঁ বলেছেন, আমরা বিশ্বাস করি পরিস্থিতি শান্ত হলে এবং আমি সচেতনভাবেই এই শব্দটি ব্যবহার করছি—অর্থাৎ যখন মূল বোমা হামলা বন্ধ হবে, তখন আমরা অন্য দেশগুলোর সাথে মিলে (জাহাজ চলাচলের জন্য) এসকর্ট বা নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে প্রস্তুত।
সূত্র: আল জাজিরা
বিভি/এসজি



মন্তব্য করুন: