আলি লারিজানির জানাজায় হাজারো মানুষের ঢল
ছবি: সংগৃহীত
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি, আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত দেশটির নৌ-সেনাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) তেহরানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, তাদের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি হাজারো মানুষ অংশ নেন।
এর আগে মঙ্গলবার ইসরাইল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে ইসরাইলের বিমান হামলায় আলি লারিজানি তার ছেলেসহ নিহত হয়েছেন। একই দিন তেহরানে দেশটির আলাদা বিমান হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও নিহত হন। পরে ইরান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ইরানের সামরিক জাহাজ ‘দেনা’ ধ্বংস হয়। এতে অন্তত ৮৪ জন ইরানি নৌ-সেনা নিহত হন। এদিকে আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তার নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কাৎজ বলেন, তিনি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ রাজনৈতিক ও সামরিক একাধিক শীর্ষ নেতা নিহত হন।
সূত্র: আল জাজিরা
বিভি/এসজি



মন্তব্য করুন: