ইসরাইলি সৈন্যর গোলা পড়লো নিজ দেশেই, মারা গেল এক ইহুদি
প্রতীকী ছবি
ইরান ও লেবাননের সাথে যুদ্ধের মধ্যেই এবার নিজ দেশেই গোলা ফেলল ইসরাইলি সৈন্য। এতে করে প্রাণ হারিয়েছেন এক ইহুদি নাগরিক। লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের নাগরিককেই হত্যা করেছে ইসরাইলের সেনারা। সূত্র: আল জাজিরা
রিপোর্টে বলা হয়েছে, ভুলবশত ইসরাইলি সৈন্যদের গোলাই আছড়ে পড়ে দেশের ভূখণ্ডে। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন ওফার মস্কোভিৎস নামের ৬০ বছর বয়সী এক ইসরাইলি।
ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইজরাইলের মিসগাভ আম এলাকায় যে ব্যক্তির মৃত্যু হয়েছিল, তিনি ইসরাইলি সেনার লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই মারা গেছেন।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননকে লক্ষ্য করে গোলা ছুড়ছিল ইসরাইলি বাহিনীর একটি গোলন্দাজ ইউনিট। সেই সময়েই ভুলবশত কয়েকটি গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুতজ-এর ভেতরে গিয়ে পড়ে।
ঘটনার পরপরই ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কিন্তু পরে অবস্থান পরিবর্তন করে তারা জানায়, বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই 'ভুল' ধরা পড়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: