• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

এবার বন্ধ যুক্তরাষ্ট্রের ব্যস্ত বিমানবন্দর!

প্রকাশিত: ১৭:২১, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার বন্ধ যুক্তরাষ্ট্রের ব্যস্ত বিমানবন্দর!

ছবি: ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম ব্যস্ত বিমানবন্দর লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে বিমান ও সরকারি যানবাহনের সংঘর্ষের ঘটনায় হঠাৎ করেই থমকে গেছে আকাশপথ। সোমবার (২৩ মার্চ) ভোরে এ দুর্ঘটনার পরপরই বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানায়, অবতরণের সময় একটি এয়ার কানাডার আঞ্চলিক ফ্লাইটের সঙ্গে পোর্ট অথরিটির একটি যানবাহনের সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও দমকল বাহিনী।

মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে। এতে সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত হয়ে যায় এবং অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল সিআরজে-৯০০ মডেলের, যা মন্ট্রিয়াল থেকে নিউইয়র্কে আসে। রানওয়েতে অবতরণের পর গতি কমানোর সময় সামনে দিয়ে যাওয়া একটি যানবাহনের সঙ্গে এর সংঘর্ষ ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, বিমানের নাক ও ককপিট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে, নিউইয়র্ক সিটি জরুরি ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে জানিয়েছে, বিমানবন্দর ঘিরে সড়কজট, ফ্লাইট বাতিল এবং জরুরি সেবার উপস্থিতি বাড়তে পারে। যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেই খারাপ আবহাওয়া ও জনবল সংকটের কারণে লাগুয়ার্ডিয়ায় ফ্লাইট পরিচালনায় বিঘ্ন চলছিল। তার মধ্যেই এই দুর্ঘটনা নতুন করে ভোগান্তি বাড়িয়েছে যাত্রীদের। সূত্র: এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন: