ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জরুরি ফোনালাপ
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এ সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দ্য ইকোনোমিক টাইমসের খবর।
রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোনকল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ’
তবে তিনি এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
দু’দেশের শীর্ষ নেতার সঙ্গে ফোনালাপটি এমন সময়ে হলো, যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে নিয়ে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন পক্ষের কড়া বক্তব্য একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। ভারতের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভি/এআই



মন্তব্য করুন: