ইরানের কাছে ‘শোচনীয়ভাবে’ হেরেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
প্রায় ৬ সপ্তাহ টানা যুদ্ধ শেষে ইরানের দেওয়া ১০টি দাবি মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। রাশিয়া এটিকে যুক্তরাষ্ট্রের ‘চরম ব্যর্থতা’ ও ‘শোচনীয় হার’ হিসেবে দেখেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আরও আক্রমণাত্মক হওয়া, আরও শক্ত অবস্থান নেওয়া, সামাজিক মাধ্যমে বেশি লেখা এবং ‘জয় খুব কাছেই’—এই ধরনের সব বক্তব্য আবারও ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। এই একমুখী, আক্রমণাত্মক ও উসকানিবিহীন হামলার কৌশলও একইভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ অবিলম্বে বন্ধ করা এবং একটি ‘বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে।
এর আগে মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকেই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এসব হামলায় ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়।
এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও হামলা চালায়। পাশাপাশি তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে। এতে করে অস্থিরতা শুরু হয় বিশ্বের জ্বালানি সরবরাহে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিভি/এজেড



মন্তব্য করুন: