• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির পর ইরানের সব ব্যাংকে লেনদেন শুরু শনিবার

প্রকাশিত: ১৭:৫০, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধবিরতির পর ইরানের সব ব্যাংকে লেনদেন শুরু শনিবার

ছবি: এক্স ডট কম

ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে সব ব্যাংক শাখায় শনিবার (১১ এপ্রিল) থেকে আবারও পুরোদমে লেনদেন চালু হচ্ছে। দেশটির ব্যাংক সমন্বয় কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র বরাতে আলজাজিরা জানায়, এই সিদ্ধান্তের আওতায় ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা অন্তর্ভুক্ত থাকবে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া আর্থিক কার্যক্রম আবার স্বাভাবিক পথে ফিরতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক অঙ্গনেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্পেন তেহরানে আবারও কূটনৈতিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। 

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, ইরানে স্পেনের দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে। মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবারেস বলেন, রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সব পথ ব্যবহারের কথাও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু এবং দূতাবাস খোলার সিদ্ধান্ত—দুই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে ইরান। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: