• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কানাডাকে ‘সহযোগী সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানালো ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত: ১৩:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কানাডাকে ‘সহযোগী সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানালো ইউরোপীয় ইউনিয়ন

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।  ইউরোপীয় পার্লামেন্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপস্থিতিতে নজিরবিহীন এই প্রস্তাব দিলেন লিয়েন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফ্রান্সের স্ট্রাসবার্গে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্টে নিজের বার্ষিক 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে লিয়েন কানাডাকে ইইউ-এর প্রথম ‘সহযোগী সদস্য’ বা Associate Member করার একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন। 

তার মতে, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু সংকট, ইউক্রেন যুদ্ধ ও ভূরাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে। তিনি বলেন, ‘আমরা কানাডার সঙ্গে সম্পর্ককে যথা সম্ভব সর্বোচ্চ পর্যায়ে নিতে চাই। আমাদের অংশীদারত্বকে জরুরিভিত্তিতে নতুনভাবে ভাবতে হবে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী কার্নি যুক্তরাষ্ট্রের ওপর তার দেশের অতিরিক্ত বাণিজ্যনির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের আহ্বান জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর কানাডা ও ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য করার কথা বলায় কানাডার সাথে ইইউ-এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সংবিধানে বর্তমানে ‘সহযোগী সদস্য’ নামে কোনো আনুষ্ঠানিক পদবি বা ফ্রেমওয়ার্ক নেই। ফলে এই প্রস্তাবটি বাস্তবায়ন করতে হলে ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: