• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আবারও নির্বাচনে লড়বেন এরদোয়ান

প্রকাশিত: ১৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আবারও নির্বাচনে লড়বেন এরদোয়ান

ছবি: রিসেপ তাইয়েপ এরদোয়ান

২০২৮ সালের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান—এমন ইঙ্গিত দিয়েছেন তার প্রধান উপদেষ্টা মেহমেত উচুম। তিনি বলেছেন, সংসদ আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে ২০২৮ সালের ১৬ এপ্রিল ভোট হতে পারে এবং ওই নির্বাচনে শেষবারের মতো প্রার্থী হবেন এরদোয়ান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে উচুম বলেন, ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্টে অন্তত ৩৬০ জন আগাম নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিলে ১৬ এপ্রিল ২০২৮ নির্বাচন হতে পারে। দিনটি ২০১৭ সালের সেই সাংবিধানিক গণভোটের বার্ষিকী, যার মাধ্যমে তুরস্ক সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেন্টকেন্দ্রিক ব্যবস্থায় যায়।

তুরস্কের সংবিধান অনুযায়ী, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালের মে মাসে হওয়ার কথা। তবে পার্লামেন্টের তিন-পঞ্চমাংশ, অর্থাৎ ৩৬০ সদস্যের সমর্থনে নির্বাচন এগিয়ে আনা সম্ভব। এমন পরিস্থিতিতে সংবিধানের বিধান অনুযায়ী এরদোয়ানের আবার প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হবে।

বর্তমানে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) ও জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) মিলে ৩২৬টি আসন নিয়ন্ত্রণ করে। ফলে ৩৬০ ভোটের জন্য তাদের আরও ৩৪ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন এবং ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। ২০২৩ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই তার শেষ মেয়াদ হবে বলে জানিয়েছিলেন। তবে আগাম নির্বাচন হলে সংবিধানের বিশেষ বিধানের কারণে তিনি আবারও প্রার্থী হতে পারেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: