• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলো মেক্সিকো, জানা গেল কারণ

প্রকাশিত: ২১:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করলো মেক্সিকো, জানা গেল কারণ

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও সৃজনশীলতায় মনোযোগী করতে স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকো। আগামী নভেম্বর থেকে দেশটির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন এই নিয়ম কার্যকর হবে। 

নতুন নিয়মে জরুরি পরিস্থিতি কিংবা স্কুলের নির্ধারিত কোনো কার্যক্রম ছাড়া ক্লাসের পাশাপাশি বিরতির সময়ও শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবাম নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা ফিরিয়ে আনা এবং ফোনের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ করা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

শিশু ও কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তির প্রভাব নিয়ে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ শিক্ষক স্কুলে মোবাইল ফোনের ব্যবহার সীমিত করার পক্ষে মত দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের সঙ্গে বিষণ্নতা, নিজের শারীরিক গঠন নিয়ে নেতিবাচক ধারণা, সামাজিক বিচ্ছিন্নতা এবং আত্মহত্যার ঝুঁকির মতো নানা সমস্যার সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়ছে। এ কারণে ফ্রান্স, নিউজিল্যান্ড ও পেরুসহ বিভিন্ন দেশও শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ আরোপ করেছে। সূত্র: এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন: