• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিআর কঙ্গোয় ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৩৯, নিখোঁজ ৩৬

প্রকাশিত: ১১:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিআর কঙ্গোয় ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৩৯, নিখোঁজ ৩৬

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলের টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌকা ডুবে অন্তত ৩৯ জন নিহত এবং ৩৬ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল। পথে ম্যাপেরা গ্রামের কাছে পৌঁছালে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আনি ময়োনি নামের এক যাত্রী রেডিও ওকাপিকে জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ যাত্রীদের ঘুম ভেঙে যায়। এ সময় তারা দেখতে পান, নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সেটি হ্রদের পানিতে তলিয়ে যায়।

নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী।

এপির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ডিআরসিতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির নৌযানগুলোতে প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহনের অভিযোগ রয়েছে। অনেক নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামও থাকে না।

বিশেষজ্ঞ ও স্থানীয় সূত্রের মতে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত মালামাল এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি দেশটিতে নৌদুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। ১০ কোটির বেশি জনসংখ্যার দেশটির সড়ক ও পরিবহন অবকাঠামো নাজুক হওয়ায় সাধারণ মানুষের কাছে নৌপথ অনেক ক্ষেত্রে সাশ্রয়ী ও গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম।

এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হন।

সূত্র: ক্যালিবার

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত