পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতের অধিকাংশই শিশু
পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছরের কম বয়সী অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরটির আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
দুর্ঘটনায় আহত ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন।
জেলা জরুরি বিভাগের কর্মকর্তা ইফতিখার খান বলেন, ‘আমরা অন্তত ৪৫ শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছি।’ তবে আরও কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কী কারণে স্কুলটির ছাদ ধসে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিম্নমানের নির্মাণকাজ ও ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা ক্রমেই নিয়মিত হয়ে উঠছে।
গত জুলাইয়ে উমরকোটের কাছে একটি সরকারি স্কুলের বাইরের দেয়াল ধসে তিন কিশোরীর মৃত্যু হয়। একই মাসে লাহোরে নির্মাণাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু নিহত এবং পাঁচজন আহত হয়।
এর এক মাস আগে লাহোরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছিল। এর কিছুদিন আগেও ডেরা গাজি খানে একই ধরনের দুর্ঘটনা ঘটে।
সূত্র: ডিডব্লিউ
বিভি/পিএইচ













মন্তব্য করুন: