আলবেনিয়ায় বিক্ষোভে রাবার বুলেট ছুড়েছে পুলিশ, গ্রেফতার ১ হাজারের বেশি
আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩৮৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। সংঘর্ষে পুলিশ ও বিক্ষোভকারীদের অনেকে আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে শটগান থেকে গুলি ছুড়ছে পুলিশ। ঘটনাস্থলে রাবার বুলেটের পেলেট পাওয়া গেছে। রয়টার্সের দুই সাংবাদিকসহ কয়েকজন বিক্ষোভকারীর গায়ে এসব পেলেটের আঘাত লাগে। তাদের শরীরে গোলাকার আঘাতের চিহ্ন দেখা গেছে।
সাম্প্রতিক দিনগুলোতে রাজধানী তিরানার কেন্দ্রীয় এলাকায় বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দিয়েছেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের রাবার বুলেট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তা সরাসরি অস্বীকার করেননি দেশটির পুলিশপ্রধান স্কেন্ডার হিতা। তিনি বলেন, ‘ব্যবহৃত সব ধরনের ব্যবস্থা সীমিত পরিসরে প্রয়োগ করা হয়েছে, সাম্প্রতিক ব্যবস্থাগুলোও এর অন্তর্ভুক্ত।’
বিক্ষোভ মোকাবিলায় ক্ষমতার অপব্যবহার এবং পরিস্থিতির তুলনায় অসামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়ার অভিযোগে সাত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলে জানান হিতা। তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার নিম্নমান নিয়ে ক্ষোভ থেকে এই আন্দোলনের সূত্রপাত। গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার-সমর্থিত একটি বিলাসবহুল উপকূলীয় পর্যটন প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছিল। সেই আন্দোলনের সময় নিজেদের উপেক্ষিত মনে করা অনেক মানুষও এবার শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিচ্ছেন।
গত বছর চতুর্থবারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী রামার জন্য এই বিক্ষোভ এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার ২২ বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী জুরি তাউলাহু বলেন, ‘১৩ বছর ধরে দুর্নীতি চলছে, ১৩ বছর ধরে কিছুই করা হয়নি—শুধু ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই আমরা নিজেদের অধিকারের দাবিতে এখানে এসেছি।’

বিক্ষোভের ঘটনায় নিন্দা জানিয়ে পুলিশ ও সরকার উভয় পক্ষই শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী রামার সরকার দীর্ঘদিন ধরে দুর্নীতির বিভিন্ন অভিযোগের মুখে রয়েছে। বিশ্লেষকদের মতে, মাদক ও অস্ত্র পাচার থেকে অর্জিত অর্থ সাদা করার কাজে দেশটি অপরাধী চক্রগুলোর একটি কেন্দ্রে পরিণত হয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রচেষ্টাও জটিল হয়ে পড়ছে।
গত জুলাইয়ে দক্ষিণ আলবেনিয়ার মনোরম উপকূলীয় এলাকায় কুশনার-সমর্থিত পর্যটন প্রকল্পের জন্য তাঁদের জমি অন্যায়ভাবে বিক্রি করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা। পরে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জমিটি বিক্রি করা ব্যক্তি মাদক পাচারের সন্দেহে প্রসিকিউটরদের অনুসন্ধানের আওতায় ছিলেন। তবে তাঁর আইনজীবী এ অভিযোগ অস্বীকার করেন।
কুশনারের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পায়নি রয়টার্স। গ্রামবাসীদের জমি নিয়ে বিরোধের সঙ্গেও তিনি সরাসরি যুক্ত নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী রামা অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। চলতি সপ্তাহে রয়টার্সকে তিনি জানান, পদত্যাগের কোনো পরিকল্পনা তাঁর নেই। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাঁর সরকার শিক্ষার্থীদের এবং তাঁদের বিক্ষোভ করার অধিকারকে সম্মান করে।
রামা লেখেন, ‘এই কঠিন সময়ে আমার দায়িত্ব আরও স্পষ্ট—নাগরিকদের সুরক্ষা দেওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দেশকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্য অর্জনে আমাদের এই সরকার ও সংখ্যাগরিষ্ঠের ম্যান্ডেট রয়েছে। ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা আমাদের লক্ষ্য।’
বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে আলবেনিয়া ও মন্টেনেগ্রো ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে।
আলবেনিয়ায় চলমান অস্থিরতার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও রাজপথে বিক্ষোভ বাড়ছে। ফ্রান্সে আরও শিক্ষক নিয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা উন্নত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বৃহত্তর অস্থিরতায় রূপ নিয়েছে।
অন্যদিকে, স্পেনে বাড়িভাড়া বৃদ্ধি ও আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির সরকার আগাম নির্বাচনের ডাক দিয়েছে।
সূত্র: রয়টার্স
বিভি/পিএইচ













মন্তব্য করুন: