যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে গাড়ি তুলে দিলেন চালক, শিশুসহ নিহত ২
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে ফুটবল খেলা চলার সময় মাঠে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাড়িচালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে উইচিটা পুলিশ বিভাগের কর্মকর্তা অ্যারন মোজেস এ তথ্য জানান। তিনি বলেন, স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলা চলার সময় একটি গাড়ি মাঠে ঢুকে পড়ে। গাড়িটিতে দুজন অপ্রাপ্তবয়স্কও ছিল।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিও পরে মারা যান। তবে পরিবারের সদস্যদের অবহিত করার আগে নিহতদের নাম ও বয়স প্রকাশ করা হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
গাড়িটি কত গতিতে চলছিল কিংবা কীভাবে মাঠে প্রবেশ করেছিল, তা জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মোজেস।
স্থানীয় সংবাদমাধ্যম কেডব্লিউসিএইচকে এক প্রত্যক্ষদর্শী জানান, একটি কালো পিকআপ ট্রাককে মাঠে থাকা শিশুদের ফুটবল খেলার জায়গাগুলোর মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যেতে দেখা যায়। ট্রাকটি একাধিক ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর মাঠের আরও প্রায় ১০০ থেকে ২০০ গজ দূরে গিয়ে থামে।
প্রত্যক্ষদর্শী আরও জানান, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছিলেন এবং কয়েকজনকে সিপিআর দিচ্ছিলেন।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সের সব আয়োজন বাতিল ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও বা অন্য কোনো প্রমাণ থাকলে তা জমা দেওয়ার জন্য একটি অনলাইন পোর্টালও চালু করেছে উইচিটা পুলিশ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন শহরটির মেয়র লিলি উ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি, বিশেষ করে জড়িত শিশু ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল।’
সূত্র: গার্ডিয়ান
বিভি/পিএইচ













মন্তব্য করুন: