ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার সময়সীমা নিয়ে যা জানালেন ট্রাম্প
ছবি: ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে এর অবসান ঘটতে দেওয়া হবে—তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এটি শেষ করতে চাই, নাকি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে দিতে চাই?’
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে এখনো তেল পরিবহণ অব্যাহত রয়েছে।
ট্রাম্পের ভাষায়, ‘আমরা যা চাই, তার সবই পাচ্ছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
এ ছাড়া ইরান হামলা ও সমুদ্রের মাইন নিয়ে ‘মিথ্যা’ খবর ছড়াচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এসব অভিযোগের পক্ষে তিনি কী প্রমাণ দিয়েছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। -তথ্যসূত্র: সামা টিভি।
বিভি/এআই













মন্তব্য করুন: