• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও: সানায়ে তাকাইচি

প্রকাশিত: ১০:১০, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও: সানায়ে তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতার মাধ্যমে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান তার সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একইভাবে সানায়ে তাকাইচি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা শেষে ভবনের মূল প্রবেশপথের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সানায়ে তাকাইচি বলেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জাপান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা টানানো হয়।

উল্লেখ্য, চার দিনের জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থান ও স্বার্থ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত