• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৯, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

প্রকাশিত: ১৭:৩৭, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩৮, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৯, পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পাশাপাশি ট্রেনচালক ও রেল নিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ডিংও খতিয়ে দেখা হচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করা এখন তাদের প্রধান অগ্রাধিকার। যাদের পরিবারের সদস্য নিখোঁজ রয়েছেন, তাদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য স্থানীয়ভাবে স্থাপিত কেন্দ্রগুলোতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদ্রিদ থেকে সেভিলগামী একটি ট্রেন স্থির অবস্থায় থাকা আরেকটি ট্রেনকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ইউরোপের আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এ রেল দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনচালক ও রেল নিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যে হওয়া কথোপকথনের অডিও রেকর্ডিং স্পেনের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেকর্ডিং থেকে ধারণা করা হচ্ছে, প্রায় ২৫ কিলোমিটার দূরে আরেকটি ট্রেন থেমে থাকা সত্ত্বেও একটি দ্রুতগতির ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতদের স্মরণে স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন: