• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউক্রেনের দিনিপ্রোর প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৩

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৫০, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইউক্রেনের দিনিপ্রোর প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৩

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপোরিঝঝিয়া শহরের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একটি ট্রেনের প্ল্যাটফর্মে জেটচালিত ড্রোন আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি উক্রজালিজনিতসিয়া এ হামলার তথ্য জানিয়েছে। জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ওলেকসান্দর হানঝা টেলিগ্রামে দেওয়া এক বার্তায় অন্তত পাঁচজন আহত হওয়ার কথা জানান।

এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহোর তেরেখভ। রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রিভনে অঞ্চলে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার সংবাদমাধ্যমগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনে রুশ হামলার পাশাপাশি রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করেও বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর মস্কোর দিকে ছোড়া ৬১৩টি ড্রোনের বেশির ভাগই প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, শহরের দিকে আসার পথে ২৩১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহর থেকে দূরের বিভিন্ন এলাকায় অন্য ড্রোনগুলো প্রতিহত করা হয়।

রাশিয়ার রাজধানীতে ২২টিরও বেশি আফ্রিকান দেশের নেতা একটি সম্মেলনে অংশ নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে হামলার নিন্দা জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ সময়ে মস্কোকে লক্ষ্য করে কিয়েভের হামলা চালানো ‘খুবই অদ্ভুত’।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১ হাজার ২১৪টি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর স্তেরলিতামাকে একটি শিল্পকারখানার এলাকায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র এমিল শাইমারদানভ। তাঁর দাবি, কারখানাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হামলায় অংশ নেওয়া আটটি ইউক্রেনীয় ড্রোনই স্থানীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।

এর আগে গত সেপ্টেম্বরেও মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা হয়েছিল। সে সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষের হামলা বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মাসে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মস্কো ও কিয়েভ।

এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা দিতে রওনা হয়েছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। শহরটির অবশিষ্ট বাসিন্দাদের কাছে সহায়তা পৌঁছে দিতে সেখানে স্থানীয় পর্যায়ে সাময়িক যুদ্ধবিরতি চলছে।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যে ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছাবে বলে আশা করছে ক্রেমলিন। শহরটি ছেড়ে যেতে ইচ্ছুক ব্যক্তিদেরও চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোরে কার্যকর হওয়া ছয় দিনের এ যুদ্ধবিরতি এখন পর্যন্ত লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। কোনো পক্ষই এখন পর্যন্ত যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেনি।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: