জান্নাতের যে ৪ নদী পৃথিবীতেও বহমান!
পৃথিবীর বুকেই বয়ে চলেছে জান্নাতের চার নদী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, হাদিসে এসেছে এমনই এক বিস্ময়কর তথ্য। সহিহ মুসলিম শরিফের ২৮৩৯ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীতে প্রবাহিত চারটি নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। কিন্তু কোন সেই চার নদী, যাদের নিয়ে রয়েছে এমন চমকপ্রদ বর্ণনা?
ফোরাত নদী
সহিহ মুসলিম শরিফের ২৮৩৯ নম্বর হাদিসে এই নদীকে জান্নাতের নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে। তাদের প্রত্যেকেই ভাববে, হয়তো আমিই সেই বেঁচে যাওয়া ব্যক্তি। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়েছে।
নীলনদ
আরেকটি নদী হলো মিসরের নীলনদ। এই নদীটি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে।
এ ছাড়া এই নদীটির সঙ্গে সংযোগ রয়েছে নবী মুসা আলাইহিস সাল্লামের সময়কালের। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করতে একটি ঝুড়িতে রেখে নীলনদে ভাসিয়ে দেন। যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়।
জয়হান নদী
এরপর তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমের হাদিসে এই নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়। এ নদী পূর্ব তারাস পর্বতমালার নূর হাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় ৫০০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত।
সিহান নদী
আরেকটি হলো তুরস্কের সিহান নদী। যেটি সেরাস নামেও পরিচিত। এটি প্রায় ৫৬০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে।
প্রাচীন লেখকরা সিহান নদীটি সম্পর্কে লিখেছেন, এটি সিলিসি অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল ও সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ।
মহান আল্লাহ তাঁর অতুলনীয় সৃষ্টিশৈলীতে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর সেই অপরূপ সৃষ্টির মাঝেই স্থান পেয়েছে জান্নাতের এই নদীগুলো, যা আমাদের জন্য পরম সৌভাগ্য এবং বড় নেয়ামত।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: