উত্তরাখণ্ডে ছয় আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি: ইউএ নিউজ
ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি এলাকায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বদ্রীনাথ থেকে উড্ডয়নের পর জোশীমঠের কাছে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কপ্টারটির। পরে দুর্গম এলাকায় সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন ও সেনাবাহিনী।
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। কপ্টারটি পরিচালনা করছিলেন ক্যাপ্টেন হিমাংশু। অন্য আরোহীরা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ।
প্রতিবেদন অনুযায়ী, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা শুরু করে। হালকা তুষারপাতের মধ্যে উড্ডয়নের কিছুক্ষণ পর হাতি পর্বত ও জোশীমঠ উপত্যকা এলাকায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আধুনিক ট্র্যাকিং ব্যবস্থাতেও কপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সংস্থার সব হেলিকপ্টারের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি। খবর পেয়ে ছাই গ্রামের দিকে উদ্ধারকারী দল পাঠানো হয়। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, উদ্ধার তৎপরতা তদারকি করছেন তিনি। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তবে দুর্ঘটনায় আরোহীদের হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
বিভি/এমআর













মন্তব্য করুন: