কেরালা থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র, কে এই নিত্যা রমন?
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। বর্তমান মেয়র ক্যারেন বাসকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে শহরটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন নিত্যা। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার জয় নিশ্চিত হয়। খবর আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, নিত্যা রমন পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। অন্যদিকে, বর্তমান মেয়র ক্যারেন বাস পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পেয়েও নির্বাচনে পরাজিত হয়েছেন বাস। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বীর জয় মেনে নিয়ে রমনকে অভিনন্দন জানান তিনি।
নিত্যা রমনের নির্বাচনী প্রচারে সমর্থন দিয়েছিল বামপন্থি সংগঠন ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ)। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংগঠনটির ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই জয়কে।
গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনেও ডিএসএ সমর্থিত উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী জয় পেয়েছেন। সংগঠনটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অন্তত ৩০০ জন প্রার্থী ও গণভোটের উদ্যোগে সহায়তা করেছে তারা। এর মধ্যে অন্তত ১০৫টি উদ্যোগে জয় এসেছে বলে দাবি সংগঠনটির।
জয়ীদের মধ্যে রয়েছেন দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার, ক্লেয়ার ভালদেজ, মেলাট কিরোস ও ক্রিস র্যাবের মতো কয়েকজন নতুন কংগ্রেস সদস্য।
এর আগে গত বছর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। এবার তার পর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে নিত্যা রমনের জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বামপন্থি ধারার নতুন সাফল্য হিসেবে আলোচিত হচ্ছে।
নিত্যা রমনের জন্ম ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরবর্তী সময়ে ভারতে ফিরে চেন্নাইয়ে নগর পরিকল্পনাবিদ হিসেবে কাজ করেন।
২০১৩ সালে আবারও লস অ্যাঞ্জেলেসে ফিরে যান রমন। সেখানে নগর প্রশাসনে কাজ করার পাশাপাশি গৃহহীন মানুষের সমস্যা সমাধানে একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেন। পরে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০২০ সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন তিনি।
নগর পরিকল্পনা ও গৃহহীনতা মোকাবিলায় কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রমন। তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল গৃহহীন মানুষের সমস্যা, আবাসন সংকট এবং নগরবাসীর জীবনযাত্রার ব্যয় কমানো।
নির্বাচনে তার এই প্রচার এবং পরিবর্তনের প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে সাড়া ফেলে। শেষ পর্যন্ত বর্তমান মেয়র ক্যারেন বাসকে পরাজিত করে লস অ্যাঞ্জেলেসের নেতৃত্বে আসার পথ তৈরি করেন তিনি।
নিত্যা রমনের এই জয় শুধু ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
বিভি/টিটি













মন্তব্য করুন: