• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:৪৭, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৮, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ দুই কোটি ডলার (প্রায় আড়াইশ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যদাতাকে প্রয়োজনে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। যদিও এতদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে।

সেন্টকম জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে। দেশটির বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তথ্যদাতার নিরাপত্তা বিবেচনায় তাকে প্রয়োজনে অন্যত্র স্থানান্তরের সুযোগও রাখা হয়েছে।

১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করা হয়। তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রয়োজনে তথ্যদাতাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এ কর্মসূচিতে।

পুরস্কার ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা না মানায় দেশটির পারমাণবিক কার্যক্রমে নজরদারি করতে পারছে না সংস্থাটি। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপকরণ তৈরি ও এর মজুত সম্পর্কে সংস্থাটি ধারাবাহিকভাবে তথ্য জানতে পারছে না।

তবে ঠিক কী ধরনের তথ্য দিলে সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সূত্র : দ্য টাইমস অব ইসরাইল, এনডিটিভি

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত