• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

এক ওয়েবসাইটেই মিলবে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার

প্রকাশিত: ১৯:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক ওয়েবসাইটেই মিলবে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে যা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রধান দলগুলোর ইশতেহারসমূহ ওই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে প্রকাশিত ইশতেহারগুলোও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার’ শীর্ষক এই গবেষণা প্রকল্পের গবেষক হলেন আলী রীয়াজ এবং এম এম মুসা। ওয়েবসাইটটি হলো- https://www.votemanifesto.com/

জানা যায়, ১৯৯১ সালের পর থেকে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে এবং কোন কর্মপন্থা নির্ধারণ করেছে—তা গবেষক, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বিশ্লেষণ ও পর্যালোচনায় সহায়তা করার জন্য এই ডাটাবেজে বিভিন্ন দলের প্রকাশিত ইশতেহার একত্রিত করা হয়েছে।

গবেষণা প্রকল্পের বর্ণনায় বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নির্বাচন। সংসদীয় ব্যবস্থায় জাতীয় পর্যায়ের নির্বাচনের মাধ্যমে নাগরিকরা আইনসভায় তাদের প্রতিনিধি নির্বাচন করেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন একটি দেশের শাসনব্যবস্থায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেন। প্রার্থীদের মনোনয়নের পাশাপাশি প্রায় সব রাজনৈতিক দলই একটি ‘নির্বাচনী ইশতেহার’ প্রকাশ করে, যেখানে দলের আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরা হয়।

নির্বাচনী ইশতেহার নাগরিকদের কাছে রাজনৈতিক দলের প্রতিশ্রুতির দলিল। সে বিবেচনায়, নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণকারী দলের পরবর্তী কার্যক্রম মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ইশতেহার বিবেচিত হয়।

অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ (এআইবিএস)-এর প্রেসিডেন্ট। বর্তমানে তিনি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এম এম মুসা একজন লেখক ও গবেষক। পেশাগত জীবনে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন নিয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: