নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন মানিকগঞ্জ-৩’র স্বতন্ত্রপ্রার্থী ড. রফিক
মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও রিটার্নিং অফিসার চরমভাবে ব্যর্থ হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) এক লিখিত বক্তব্যে ড. রফিক বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি এবং আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচনী মাঠের নানাবিধ সমস্যা তুলে ধরেছেন।
ভোটারদের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ও সংশয় বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে একাধিকবার অবহিত করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
ড. রফিক অভিযোগ করেন, মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনের মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, সে বিষয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে। আমি কোনো প্রহসনের নির্বাচনের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম খানের এই ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: