ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু
নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে সরকার ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করেছে। এই নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন-সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা বা পরামর্শ জানাতে পারবেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত একটি ফটোকার্ডে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’-এ যোগাযোগ করা যাবে। প্রাপ্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ৪ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এই বিশেষ তথ্যসেবা চালু করা হয়। যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচন-সংক্রান্ত তথ্য সরবরাহ করাই এ সেবার মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা বলছেন, এই হটলাইন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: