• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

‘ব্যালট’ প্রকল্পের জন্য ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা

প্রকাশিত: ০০:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘ব্যালট’ প্রকল্পের জন্য ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারিগরি সহায়তায় কানাডা ২০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ‘ব্যালট’ প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ইসির সঙ্গে চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার।

চুক্তি স্বাক্ষর শেষে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, “কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার ও বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।”

তিনি আরও বলেন, একটি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচনের পথে বাংলাদেশের অগ্রগতিতে কানাডা গর্বিত।

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক কর্মযজ্ঞ হিসেবে উল্লেখ করে হাইকমিশনার বলেন, “বাংলাদেশে কী ঘটে, তা কানাডা ও বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি।”

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কারসংক্রান্ত একটি গণভোটও অনুষ্ঠিত হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: