• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

দেশের আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দিবেন?

প্রকাশিত: ১৭:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশের আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দিবেন?

রাত পোহালেই ভোট। সারাদেশে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। দীর্ঘ দেড় দশক পর নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। ভোট নিয়ে বেশ উৎসাহী দীর্ঘ সময় ভোট দিতে না পারা আলোচিত রাজনীতিবিদরাও। চলুন জেনে নেই কোথায় ভোট দেবেন কোন আলোচিত প্রার্থী।

দেড় দশক পর একটি উৎসবমূখর নির্বাচন দেখছে দেশবাসী। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে দীর্ঘ সময়ের দুই মিত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। এবারের নির্বাচন বহু আলোচিত প্রার্থীর জন্যও বেশ উৎসাহের। কেননা গত দেড় দশকে ভোট দেওয়ার সুযোগ মিলেনি তাদেরও। 

এবারের নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৩ আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করছেন ঢাকা-১৫ আসনে। তিনি রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা রয়েছে।

ঢাকা–১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ভোট দেবেন রাজধানীর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ।

দলীয় প্রধান ছাড়াও ঢাকায় বিভিন্ন দলের আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিবেন। ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টিকাটুলি এলাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করবেন, আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোট দিবেন খিলগাঁওয়ের তালতলা এলাকার প্রাইম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন। 

ঢাকার বাইরের আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ আসনের পেকুয়ার সরকারি মডেল জি এম সি ইনিস্টিউটে ভোট দিবেন।

অপরদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিজ নির্বাচনী এলাকা খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিবেন ।  

এছাড়া বরিশাল-৫ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন, নিজ আসনের ফেনী সদরের শর্শদি উত্তর খানেবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিবেন ফেনী-২ আসনের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিভি/এজেড

মন্তব্য করুন: