• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

প্রকাশিত: ১৭:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামের এক জামায়াত ইসলামীর নেতাকে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে, স্থানীয় জামায়াত নেতাদের দাবি, ঘটনাটি ‘ষড়যন্ত্র’। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

জানা যায়, আটককৃত হাবিবুর রহমান হেলালী ধামঘর ইউনিয়ন জামায়াতের আমীর। তার বাড়িও ওই ইউনিয়নে। তিনি ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের দাবি, আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাবিবুর রহমান হেলালী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে যান। সেখান থেকে এক হাজার টাকার দুটি বান্ডিলে মোট দুই লাখ টাকাসহ তাকে আটক করে মুরাদনগর থানায় নেওয়া হয়।

আটকের পর অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হেলালী দাবি করেন, তার কাছে এত টাকা ছিল না। নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবারের খরচ বাবদ কিছু টাকা ছিল মাত্র। বিএনপির লোকজন জোর করে তার গাড়িতে অতিরিক্ত টাকা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।

মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস বলেন, ‘ওই ইউনিয়নে আমাদের তেমন দায়িত্বশীল কেউ না থাকায় ধামঘর ইউনিয়নের হাবিবুর রহমান হেলালীকে ছালিয়াকান্দি ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকালে তিনি নির্বাচনী এজেন্টদের কাছে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজনের পরিচয়ে মূলত বিএনপির লোকজন তাকে আটক করে। তার সঙ্গে কোনো টাকা ছিল না। যারা তাকে আটক করেছে, তারাই ষড়যন্ত্রমূলকভাবে একটি বাজারের ব্যাগে দুই লাখ টাকা ভরে তার গাড়ির পেছনের অংশে রেখে দেয়। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।’

তবে স্থানীয় বিএনপি নেতারা জামায়াত নেতার এই দাবিকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে অভিহিত করেছেন। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত কুমিল্লা-৩ আসনের বিভিন্ন এলাকায় এভাবে টাকা বিতরণ করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে। তারা নিজেরাই পরিবেশ নষ্ট করে উল্টো মিথ্যাচার করছে। আজ সকালে একটি এলাকায় টাকা বিতরণের সময় তাদের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আমাদের ধারণা, জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, ‘টাকা বিতরণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। যেহেতু তাকে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক করা সম্ভব হয়নি, বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।’

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, যিনি এ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। অন্যদিকে ১১-দলীয় জোটের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ সোহেল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: