যে কারণে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো ৩৩০ আনসার সদস্যকে
টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগে ৩৩০ আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দলনেতার মাধ্যমে এ কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের অপসারণের নির্দেশ দেয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন ‘প্রশিক্ষণবিহীন’ হওয়া সত্ত্বেও নির্বাচনী দায়িত্ব পেয়েছিলেন। বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় তাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুর্নীতির সঙ্গে জড়িত যে কাউকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বলে বাহিনী জানিয়েছে। রাজধানীর গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকে ‘একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা’ পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সম্প্রতি হাতিরঝিলের ঘটনার অভিযোগ পাওয়ার পর নিবিড় তদারকি চালিয়ে দুর্নীতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে উৎকোচ নেওয়ার তথ্যও পাওয়া গেছে। বিষয়টি উদ্ঘাটনের পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু শারীরিক সক্ষমতা নয়, বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতাও বাধ্যতামূলক। ভুয়া সনদধারী, অযোগ্য বা প্রভাবিত ব্যক্তিদের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ দেওয়া হবে না।
এবার ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে আনসার সদস্যের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: