ময়মনসিংহে ভোট দিলেন সঙ্গীত শিল্পী ন্যান্সী
দেশের জননন্দিত সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী প্রথম ভোট দিয়েছেন ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সকাল এগারো টায় তিনি ভোট দেন। এসময় উপস্থিত সাংবাদিকদের তার ভোট দেয়ার অনুভুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, খুব কষ্ট করে ঢাকা থেকে ভোট দিতে এসেছেন। কিন্তু এই ভোট দেওয়াটা তাঁর জন্য খুবই দুঃখের। কেননা মধ্য বয়সে তিনি প্রথম ভোট দিয়েছেন। কদিন পরে তার মেয়ে রোদেলা ভোটার হবেন।

ন্যান্সী বলেন, প্রথমবার ভোট পারিনি অসুস্থতার কারনে। পরে যতবার ভোট হয়েছে কোনোবারই ভোটের পরিবেশ ছিল না। আঁধারে ভোট হয়েছে। সেই ভোট দিতে যাইনি। ২০১৮ সালে ভোট দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু কেন্দ্রে এসে দেখি লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। সে কারণে ভোট দেয়ার সুযোগ হয়নি। এবার মধ্য বয়সে এসে প্রথমবার ভোট দিতে পারছি।

ন্যান্সী আরো বলেন, ভোটের পরিবেশ দেখেও খুবই ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ দেখা যাচ্ছে। এখানে সবাই অনেক হেল্পফুল। মনে করছিলাম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে বা ঝামেলা হতে পারে। যেকারণে উদ্বিগ্ন ছিলাম। রাতভর ঘুম হয়নি। কিন্তু এখন দেখছি তেমন কিছু হয়নি, খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আজকের দিন শেষে যদি কোনো অঘটন না ঘটে তাহলে আগামীকালই দেশের মানুষ নতুন করে ভাববে। সেটা দেখার অপেক্ষা করছি। আমার মতো দেশের আঠারো কোটি মানুষও তাই প্রত্যাশা করেন তিনি।
সঙ্গীত শিল্পী ন্যান্সী আরো বলেন, প্রথম বারের ভোটটি তাঁর পছন্দের প্রার্থীকেই দিয়েছেন। তিনি যোগ্য এবং উপযুক্ত প্রার্থী। সব মিলিয়ে দারুণ খুশি বলেও জানান তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: