ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই খবর জানা গেছে। বৈঠকে সীমান্ত উত্তেজনা, বাণিজ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ১০ ডিসেম্বর ঢাকায় আসতে পারেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। সাম্প্রতিক সম্মিলিত সনাতন জাগরনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে টানাপোড়েন আরও বেড়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। গত আগস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনও ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে।
এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।
হিন্দুস্তান টাইমস বলছে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অবসরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত লোকেরা জানিয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: