নির্বাচনী ছুটিতে মেট্রো চলবে কি না, জানালো কর্তৃপক্ষ
সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিনের ছুটি থাকছে। এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ইলেকশনের দিন আমরা এক্সট্রা ট্রেন দেব। কোনো অসুবিধা নেই।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে।
এদিকে, নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল করা হলো। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: