শহীদ হাদি হত্যার বিচার: জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।
হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, এই মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
এর আগে এদিন ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতারা।
মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এই কর্মসূচিতে অংশ নেন।
তারা সেসময় বলেন, শহীদ হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি ছেড়ে যাবেন না।
বিভি/এজেড



মন্তব্য করুন: